
রিপোর্টার সাইদুল ইসলাম রিপন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় শহরের মজমপুর গেটে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যায়।
বিক্ষোভ সমাবেশে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান ও বড় মেয়ে তাইবা উপস্থিত হয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা নিজ কার্যালয়ে খুন হন। ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ফজলুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রধান আসামি ফজলুর রহমান চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার বাকি তিন আসামি—সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস—এখনও পলাতক রয়েছেন।
শিক্ষার্থীরা অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিডিবাএন২৪/আরডি
ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম জাকারিয়া, বার্তা সম্পাদক: এস.এম.রিয়াদুল ইসলাম,
যোগাযোগ: অফিস:-বাড়ি নং ৭-৮,লেভেল-৯, ব্লক-এ,বনশ্রী রামপুরা ঢাকা-১২১৯।
মোবাইলঃ ০১৭১১-২৮৮৯৮০, নিউজ রুম :- ০১৫৪০-৭২৬৬৩৪. টেলিফোন :- ০৯৬০৬-৯৪৮৮৬৮।
© 2026 BDBanglaNews24.net All Right Reserved.