নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
ভালোবাসার সপ্তাহে আজ একটি বিশেষ দিন—চকলেট ডে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে এই দিনটি, যেদিন প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকে। ভ্যালেন্টাইনস উইকের ধারাবাহিকতায় চকলেট ডে এখন প্রেমিক-প্রেমিকাদের কাছে অন্যতম জনপ্রিয় একটি দিন।ভালোবাসার অনুভূতির সঙ্গে চকলেটের সম্পর্ক বহুদিনের। মিষ্টি স্বাদের এই খাবারটি আনন্দ, আবেগ ও আন্তরিকতার প্রতীক হিসেবে পরিচিত। তাই প্রিয় মানুষকে ভালোবাসার কথা বলার সহজ ও নীরব এক ভাষা হয়ে উঠেছে চকলেট। সময়ের সঙ্গে সঙ্গে এই দিনটি কেবল তরুণদের মধ্যেই নয়, সব বয়সী মানুষের কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে।চকলেটের ইতিহাসও বেশ প্রাচীন। প্রায় দুই হাজার বছর আগে মায়ান ও আজটেক সভ্যতায় কোকোবীজ থেকে তৈরি তেতো পানীয় হিসেবে চকলেটের প্রচলন ছিল। তখন কোকোবীজ শুধু খাদ্য নয়, অনেক অঞ্চলে মুদ্রা হিসেবেও ব্যবহৃত হতো এবং এর সঙ্গে ধর্মীয় বিশ্বাসও জড়িয়ে ছিল। ইউরোপে চকলেটের আগমন ঘটে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে। পরে স্প্যানিশদের হাত ধরে কোকোতে চিনি ও মধু মিশিয়ে মিষ্টি চকলেট তৈরির প্রচলন শুরু হয়।ধীরে ধীরে চকলেট ইউরোপের অভিজাত সমাজে বিলাসী খাবার হিসেবে জায়গা করে নেয়। উনিশ শতকে কোকো প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নতির ফলে চকলেট সাধারণ মানুষের নাগালে আসে। ১৮৪৮ সালে প্রথম শক্ত চকলেট বার বাজারে আসার পর থেকেই এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।আজকের দিনে চকলেট শুধু একটি খাবার নয়, বরং ভালোবাসা, যত্ন আর আবেগ প্রকাশের প্রতীক। তাই চকলেট ডে উপলক্ষে প্রিয় মানুষকে ছোট্ট একটি চকলেট উপহার দিয়েই সম্পর্কের মধুরতা বাড়িয়ে তুলছেন অনেকেই।
বিডিবাএন২৪/আরডি


