BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের তৃতীয় তলায় তার নিজ অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে।

নিহত পলাশ সাহা ৩৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। মৃত্যুর সময় তিনি র‍্যাব-৭ এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব-৭ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, ঘটনার সময় পলাশ সাহা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি কক্ষে ঢোকার কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার নিজের পিস্তলটি কক্ষে পড়ে ছিল এবং টেবিলের ওপর পাওয়া যায় একটি সুইসাইড নোট।

চিরকুটে লেখা ছিল: “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, তাকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কানের পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও র‌্যাবের একাধিক সূত্র জানিয়েছে, পলাশ সাহার মৃত্যুর পেছনে ব্যক্তিগত হতাশা, পারিবারিক সমস্যা কিংবা চাকরিসংক্রান্ত কোনো চাপ ছিল কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে ব্যক্তিগত দায় স্বীকার করলেও বিষয়টির পেছনে অন্য কোনো প্ররোচনা বা গাফিলতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।

২০১৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম ব্যাচের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন পলাশ সাহা। তার বাড়ি গোপালগঞ্জ। তিনি তৃতীয় এপিবিএন খুলনার অধীনে ঝিনাইদহে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের জুলাইয়ে বদলি হয়ে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় যোগদান করেন। সম্প্রতি তিনি র‌্যাব-৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.