বিডি বাংলা নিউজ ২৪ ডেস্ক
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সুপারস্টার গ্রুপ (এসএসজি)-এর হোম অ্যাপ্লায়েন্স বিভাগে জেনারেল ম্যানেজার (সেলস) হিসেবে যোগদান করেছেন প্রথিতযশা বিক্রয় ও বিপণন পেশাজীবী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)।ঝিনাইদহ সদর উপজেলার ইসলাম নগর (ভগবান নগর) গ্রামের ঐতিহ্যবাহী হাজী বাড়িতে জন্মগ্রহণকারী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তিনি যশোর জেলা স্কুল থেকে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তার দীর্ঘ ও সফল কর্মজীবনের সূচনা হয় দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজে টেরিটরি সেলস অফিসার হিসেবে। কর্মদক্ষতা, দূরদর্শী নেতৃত্ব এবং ফলাফলমুখী ব্যবস্থাপনার মাধ্যমে তিনি ধাপে ধাপে এরিয়া ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, সেলস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং জেনারেল ম্যানেজার (জিএম) পদে উন্নীত হন। দেশের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি সফলতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজেকে একজন দক্ষ কর্পোরেট নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।বাংলাদেশের কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে তার যাত্রা শুরু হয় ২০১৯ সালে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তী সাত বছরে তিনি এ শিল্পখাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, ব্র্যান্ড উন্নয়ন এবং আধুনিক বিপণন কৌশল বাস্তবায়নের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।প্রায় তিন দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং কৌশলগত নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ১ জুলাই তিনি সুপারস্টার গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স বিভাগে জেনারেল ম্যানেজার (সেলস) হিসেবে যোগদান করেন।নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) বলেন, “সুপারস্টার গ্রুপ দেশের শিল্প ও ব্যবসায়িক অঙ্গনের একটি সুপ্রতিষ্ঠিত ও আস্থার নাম। প্রতিষ্ঠানের লক্ষ্য, মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদি ভিশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিক্রয় কার্যক্রমকে আরও শক্তিশালী, আধুনিক ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যেতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।”তিনি তার নতুন কর্মজীবনের এই অধ্যায়ে সহকর্মী, ব্যবসায়িক অংশীদার, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।
বিডি২৫-আরডি


