
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
গৌরবময় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিজয় র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়ায় জুলাই শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরে জেলার বিভিন্ন উপজেলার শহীদদের সমাধিতেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জুলাই শহীদদের স্মরণে।
সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন। এতে শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন এবং গণঅভ্যুত্থানের সময়কার নানা স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও আহতদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বিজয় র্যালি’। কুষ্টিয়া পৌরসভা থেকে শুরু হয়ে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণঅভ্যুত্থানের ইতিহাস স্মরণে এমন আয়োজনে কুষ্টিয়াবাসী ফিরে পেয়েছে নতুন প্রেরণা—শহীদদের ত্যাগ ও সাহসিকতাকে স্মরণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে।
বিডিবিএন২৪/আরডি
https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U















