BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া কোর্ট স্টেশনে মায়েদের চরম ভোগান্তি

এক বছর ধরে অকেজো বেস্ট ফিডিং বুথ

চয়ন আহমেদ,কুষ্টিয়া,বিডি বাংলা নিউজ২৪


কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে শিশু সন্তান নিয়ে ট্রেনের অপেক্ষায় থাকা নারী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এক বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে স্টেশনের একমাত্র বেস্ট ফিডিং বুথটি।

২০২৪ সালের আগস্ট মাসের আগে এই বুথটি মায়েদের জন্য ছিল একান্ত প্রয়োজনীয় একটি ব্যবস্থা। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বুথটির গ্লাস ভেঙে যাওয়ার পর থেকে এটি পুরোপুরি অচল হয়ে পড়ে। এরপর থেকে আর কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি, ফলে এখন এটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রীসেবার মানোন্নয়নের অংশ হিসেবে কুষ্টিয়া কোর্ট স্টেশনে স্থাপন করা হয়েছিল এই বেস্ট ফিডিং বুথ। উদ্দেশ্য ছিল নারী যাত্রীদের জন্য একটি নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ তৈরি করা, যেখানে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াতে পারবেন স্বাচ্ছন্দ্যে। কিন্তু বর্তমানে বুথটি ভেঙে পড়ে থাকায় এই গুরুত্বপূর্ণ সুবিধাটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্টেশনে অপেক্ষমাণ তাসলিমা খাতুন নামের এক নারী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যখন ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করি, তখন বাচ্চা কাঁদতে থাকে। কিন্তু এখানে দুধ খাওয়ানোর কোনো জায়গা নেই। আগে বুথটা ছিল, এখন সেটা ভেঙে পড়ে আছে। বাধ্য হয়ে বাচ্চাকে সান্ত্বনা দিই, কিন্তু দুধ খাওয়াতে পারি না।

আরেক যাত্রী রুবিয়া বেগম বলেন, এই ছোট্ট বুথটা ছিল আমাদের মতো মায়েদের জন্য আশীর্বাদ। এখন সেটি এক বছরেরও বেশি সময় ধরে অকেজো পড়ে আছে, কেউ মেরামতের উদ্যোগ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত দ্রুত এটি সংস্কার করা।

এ বিষয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ ইতিয়ারা খাতুন বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের আগে বুথটি ব্যবহারের উপযোগী ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট একটি গ্লাস ফেটে যাওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। শুধু এই বুথ নয়, স্টেশনের আরও কিছু স্থাপনাও জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুতই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

গনঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, বেস্ট ফিডিং বুথটি অত্যন্ত প্রয়োজনীয়। একজন মা কখনোই খোলা জায়গায় সন্তানের দুধ খাওয়াতে পারেন না, এটি তাদের জন্য বড় অসুবিধা। তাই বুথটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক। এ বিষয়ে নাগরিক পরিষদ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে।

স্থানীয়রা মনে করছেন, কুষ্টিয়ার মতো ব্যস্ত রেলস্টেশনে নারী ও শিশুবান্ধব এই সেবাটি পুনরায় চালু করা জরুরি। তারা বলেন, যাত্রীসেবার মান বজায় রাখতে এবং নারী যাত্রীদের সম্মান রক্ষায় স্টেশনে একটি কার্যকর বেস্ট ফিডিং বুথ থাকা অত্যাবশ্যক।

কুষ্টিয়ার নাগরিক সমাজ ও নিয়মিত ট্রেনযাত্রীরা দাবি করেছেন৷ দীর্ঘদিন ধরে অবহেলিত এই বুথটি দ্রুত সংস্কার করে পুনরায় চালু করা হোক, যাতে নারী যাত্রীদের ভোগান্তি লাঘব হয় এবং রেলওয়ে সেবার প্রতি মানুষের আস্থা ফিরে আসে।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.