নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪
রাজস্ব খাতে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি প্রণয়ন একদিকে, আর রাজস্ব ব্যবস্থাপনা আরেক দিকে এই কাঠামোর মধ্য দিয়ে চলতি জানুয়ারিতেই বড় ধরনের রদবদল আসছে সংস্থাটিতে। দুই ভাগে বিভক্ত এনবিআরে থাকছে দুইজন সচিব। কিন্তু এই পুনর্গঠনের মধ্যেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
জানা গেছে, এনবিআরের কাস্টমস- নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সদস্য ড. মোহা. আল আমিন প্রামাণিক এক বিভাগের সচিব হওয়ার জন্য সক্রিয়ভাবে তৎপরতা চালাচ্ছেন। অথচ তার বিরুদ্ধেই রয়েছে গুরুতর অর্থপাচারের অভিযোগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অনুসন্ধানে উঠে এসেছে, মোহা. আল আমিন প্রামাণিক অস্ট্রেলিয়ায় অবৈধভাবে পাচার করেছেন প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাত কোটি টাকা। এসব অর্থ ছাড়াও দেশেও গড়েছেন সম্পদ। যা তার আয়ের সাথে সামঞ্জস্য নয়।
বিএফআইইউর তথ্য অনুযায়ী, এই অর্থ অস্ট্রেলিয়ার ওয়েস্টপ্যাক ব্যাংক ও কমনওয়েলথ ব্যাংকে জমা রাখা হয়েছে। শুধু নিজের নামেই নয়, স্ত্রীর নামেও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষার অজুহাতে অস্ট্রেলিয়ায় গিয়ে এই অর্থ পাচার করা হয়, যেখানে তার স্ত্রীও সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আছে।
এমন অভিযোগ থাকা সত্ত্বেও আল আমিন প্রামাণিককে এনবিআরের গুরুত্বপূর্ণ সচিব পদে বসানোর তোড়জোড় নতুন করে প্রশ্ন তুলেছে প্রশাসনের ভেতর-বাইরে। সমালোচকদের মতে যার বিরুদ্ধে অবৈধ অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাকে কীভাবে রাষ্ট্রের রাজস্ব প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া যায়?
আরও উদ্বেগের বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই অর্থপাচারের অভিযোগ কার্যত থমকে আছে। অভিযোগ রয়েছে, প্রভাব ও অবৈধ অর্থ ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র ‘ম্যানেজ’ করার চেষ্টাও চলছে, যাতে করে সচিব পদটি নিশ্চিত করা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত এনবিআর সদস্য আল আমিন প্রামাণিকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তিনি কোনো সাড়া দেননি।
বিডিবাএন২৪/আরডি
- অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
- গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)
- ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন
- সাইবার স্পেসে জাতীয়তাবাদী রাজনীতি জোরদারে নতুন দায়িত্ব
- জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ


