এস. এম. রিয়াদুল ইসলাম,বার্তা সম্পাদক, বিডি বাংলা নিউজ২৪
প্রতিষ্ঠার প্রায় ২২ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ থেকে প্রথমবারের মতো আইন অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন।
দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনকে আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি ডিন পদ সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
জানা যায়, ইসলামী ও প্রচলিত আইনের সমন্বয়ে দক্ষ আইনজ্ঞ তৈরি করার লক্ষ্যে ২০০৩-০৪ শিক্ষাবর্ষে আইন ও শরিয়াহ অনুষদের অধীনে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদে বিভাগভিত্তিক পর্যায়ক্রমে ডিন পরিবর্তনের প্রথা থাকলেও দীর্ঘদিন আইন অনুষদে তা কার্যকর হয়নি। ফলে বিভাগটি অবহেলিত ছিল এবং নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ছিল।
তবে জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর অবশেষে প্রায় ২২ বছর শেষে এই বিভাগ থেকেই ডিন নিয়োগ দেওয়া হলো, যা শিক্ষার্থী ও শিক্ষক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, দীর্ঘ ২২-২৩ বছর পর আমাদের বিভাগ থেকে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী আমলে গত ১৫-১৬ বছরে বিভাগটিকে পরিকল্পিতভাবে দমিয়ে রাখা হয়েছিল। ভর্তি সংক্রান্ত বিষয়সহ নানা ক্ষেত্রে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আশা করি, নতুন নেতৃত্বে বিভাগটি সামনে এগিয়ে যাবে।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে আইন অনুষদের দীর্ঘদিনের অর্জনসমূহকে ধারণ করে একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখাই আমার প্রধান কর্তব্য। সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বাত্মক চেষ্টা করবো।
বিডিবাএন২৪/আরডি
- লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা
- তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল
- ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ
- কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির



