নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি (বহুনির্বাচনী) পরীক্ষা-২০২৫।
সকাল ১০টায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং বিকাল ৩টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শতাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা এবং কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
পুলিশের কর্মকর্তারা জানান, এ ধরনের পরীক্ষা কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পদোন্নতি প্রদান করা হবে বলেও জানান তারা।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়। পরীক্ষার্থী ও কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে যোগ্য ও কর্মঠ পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আরও উৎসাহিত হবেন।
বিডিবাএন২৪/আরডি



